নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৬ রাত ০৭:১৩:২১
দেশকে আরও ভালো জায়গায় নেয়ার চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
বাংলাদেশকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষ যেমন একটি সুন্দর ও উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখে, সরকারও ধীরে ধীরে সেই স্বপ্নের দেশ গড়ে তুলতে কাজ করছে। আমরা দেশকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে চাই। আমাদের প্রত্যেকেরই নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। আর আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ধীরে ধীরে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, এই ঈদের দিনে আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, তার রহমত কামনা করি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের তৌফিক দেন। আর সবাই মিলে দায়িত্ব পালনের মাধ্যমে আমরা যেন আমাদের পরিবার, স্বজন ও পুরো দেশের মানুষকে নিরাপদ রাখতে পারি এবং আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। ঈদের দিনে আল্লাহর কাছে এটিই হোক আমাদের প্রার্থনা।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর উন্নত পেশাদার মান, দায়িত্ববোধ এবং দুর্যোগ মোকাবেলাসহ দেশের যেকোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়ানোর ঐতিহ্য আমাকে গর্বিত করে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে জাতীয় যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর অবদান দেশের মানুষের কাছে গভীরভাবে মূল্যায়িত। আশা করি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য ভবিষ্যতেও একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে জাতির সেবায় নিয়োজিত থাকবেন।
প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেনা মেসে অবস্থানরত সৈনিকদের জীবনযাপনের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান সেনা মেস চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এছাড়া সেনা মেসের মসজিদে জোহরের নামাজ আদায়ের পর উপস্থিত সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।