বাংলাদেশে নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বীমা সুবিধা প্রদান করতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে পেপসিকো বাংলাদেশ প্রাইভেট লিমিটেড।এই অংশীদারত্বের আওতায় কর্মী ও তাদের নির্ভরশীলরা দুর্ঘটনা, অক্ষমতা এবং জীবনহানির ঝুঁকি থেকে আর্থিক সুরক্ষার পাশাপাশি ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট এবং মাতৃত্বকালীন চিকিৎসা বীমা সুবিধা পাবেন।নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পেপসিকো বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রণব মেহতা এবং মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ কর্পোরেট বিজনেস অফিসার, মোহাম্মদ কামরুজ্জামান।দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, গ্রাহকভিত্তিক বীমা সমাধান, আধুনিক ডিজিটাল ড্যাশবোর্ড, ক্যাশলেস হাসপাতালে ভর্তি ও অ্যাম্বুলেন্স সেবা, এবং আর্থিকভাবে শক্তিশালী অবস্থানের কারণে পেপসিকো তাদের বীমা প্রদানকারী হিসেবে মেটলাইফকে নির্বাচন করেছে। এসব সুবিধা দ্রুত ও ঝামেলামুক্তভাবে বীমা দাবি পরিশোধ নিশ্চিত করতে সহায়তা করে। ২০২৫ সালে মেটলাইফ ২,৮৫৩ কোটি টাকা এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে, যা উভয় ক্ষেত্রেই দেশের জীবন বীমা শিল্পে সর্বোচ্চ।পেপসিকো বাংলাদেশ, প্রাইভেট লিমিটেড বিশ্বের অন্যতম শীর্ষ খাদ্য ও পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেপসিকোর বাংলাদেশ ভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান। বৈশ্বিকভাবে জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের সমৃদ্ধ পোর্টফোলিও নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। বাংলাদেশে পেপসিকো, পেপসি, সেভেন আপ, মাউন্টেন ডিউ, মিরিন্ডা, লে’স, কুরকুরে, অ্যাকুয়াফিনা এবং কোয়াকার ওটস এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ত।উদ্ভাবন, মানসম্পন্ন পণ্য এবং দায়িত্বশীল ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ পেপসিকো বাংলাদেশ। একই সঙ্গে প্রতিষ্ঠানটি গ্রাহক, ব্যবসায়িক অংশীদার এবং সমাজের জন্য মূল্য সৃষ্টি করে যাচ্ছে। পেপসিকোর বৈশ্বিক ভিশনের আলোকে, পেপসিকো বাংলাদেশ দেশের ক্রমবর্ধমান ভোক্তা বাজার এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে চলেছে।মেটলাইফ বাংলাদেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০টিরও বেশি প্রতিষ্ঠানের ৩ লাখের বেশি কর্মী ও তাদের নির্ভরশীলদের বীমা সুরক্ষা প্রদান করছে।
২২ ঘন্টা আগে
ঢাকায় আয়োজিত হলো বাংলাদেশের অন্যতম কেমিক্যাল ও শিল্পজাত কাঁচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠান রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’। রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজিত হয়। আয়োজনে রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিস্ট্রিবিউটররা অংশগ্রহণ করেন। রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ২০২২ সালে যাত্রা শুরু করে। দ্রুত বর্ধনশীল ম্যানুফ্যাকচারার, সাপ্লায়ার, ডিস্ট্রিবিউটর হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠান উচ্চমানের কেমিক্যাল, অ্যাডহেসিভ ও থিনার পণ্যের পাশাপাশি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল সলিউশন, প্রিন্টিং-প্যাকেজিং ইঙ্ক, হট মেল্ট গ্লু, হাইজিন গ্লু, টয়েজ, বেবি প্রোডাক্ট ও অ্যাগ্রো প্রোডাক্ট সরবরাহ করে থাকে। বাংলাদেশের কেমিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল সলিউশন খাতকে আরও উন্নত, প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর করে গড়ে তোলার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে তোলাও এ প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য। দেশীয়ভাবে মানসম্মত ও উদ্ভাবনী পণ্য উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি শিল্পখাতে নতুন সম্ভাবনা তৈরি করা এবং সরাসরি ও পরোক্ষভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। দক্ষ মানবসম্পদ তৈরি, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় শিল্পের বিকাশের মাধ্যমে একটি শক্তিশালী, টেকসই ও কর্মসংস্থানমুখী শিল্পখাত গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানে রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, পরিচালক রাইসা সিগমা হিমা, পরিচালক রিফাহ তাসনিয়া স্বর্ণা ও চিফ বিজনেস অফিসার মো. জহুরুল হক সহ সারা দেশ থেকে আগত ডিস্ট্রিবিউটররা অংশ নেন। এসময়, অতিথিদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন সংগীত শিল্পী সাবরিনা এহসান পড়শী। এ বিষয়ে রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি বলেন, “রেডমিনের মূল চালিকাশক্তি হলো উদ্ভাবন ও গুনগত মানসম্পন্ন পণ্য উৎপাদন। আমাদের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও টেকনিক্যাল সাপোর্ট টিমের সহায়তায়, উৎপাদনগত বিভিন্ন জটিলতার ক্ষেত্রে আমরা দ্রুত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী সমাধান প্রদান সক্ষম। রেডমিন, আমাদের ক্রেতাদের আধুনিক জীবনমান নিশ্চিতের লক্ষ্যে আরও বুদ্ধিদীপ্ত, নিরাপদ ও পরিবেশবান্ধব পণ্য তৈরির প্রতিশ্রুতির প্রতিফলন। আমাদের বিশ্বাস, এই সামিটের মাধ্যমে আমরা বহুমুখী শিল্পগোষ্ঠী হিসেবে শিল্পখাতে আরও এক ধাপ এগিয়ে যাব।”দেশের বিভিন্ন প্রান্তের ডিস্ট্রিবিউটরদের সাথে রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এ আয়োজন, শিল্পখাতের উন্নয়ন এবং কেমিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল সলিউশন খাতকে আরও সমৃদ্ধ করবে।
১ দিন আগে
টানা তিন দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভালো মানের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, তেজাবী স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।এর আগে গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সবশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভালো মানের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়। তারও আগে গত ৯ সেপ্টেম্ববর ও ৬ সেপ্টেম্বর আরও দুই দফা স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী, মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ থাকবে না।পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
১ দিন আগে
বাংলাদেশের বিজ্ঞাপনী বাজার ও ডিজিটাল বিপণনে নতুন সম্ভাবনার দ্বার খুলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)চালিত প্রোগ্রাম্যাটিক অ্যাড-বাইং প্ল্যাটফর্ম অ্যাডজোইক (AdZoic)।বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে সেলস ইন্টেলিজেন্স ও ডিজিটাল মার্কেটিংকে একীভূত করে ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম আম্ব্রেলাএক্স (Umbrellax)-এর সমন্বিত ইকোসিস্টেমও উপস্থাপন করা হয়।অনুষ্ঠানে অ্যাডজোইকের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী বলেন, প্রথাগত পদ্ধতিতে অনুমাননির্ভর বিজ্ঞাপন পরিচালনার কারণে উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলোর অর্থ ও সময় অপচয় হয়। ডিএসেলসের (DSales) ডেটা ও সেলস ইন্টেলিজেন্সের ভিত্তিতে তৈরি অ্যাডজোইক সঠিক ডেটা ব্যবহারের মাধ্যমে কম খরচে কাঙ্ক্ষিত ক্রেতাদের কাছে পৌঁছাতে ব্র্যান্ডগুলোকে সহায়তা করবে।প্ল্যাটফর্মটির প্রযুক্তিগত কৌশল ও কার্যক্রম তুলে ধরে চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ বলেন, অ্যাডজোইক সাধারণ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপন ব্যবস্থাপনা টুল নয়; এটি একটি ডিমান্ড-সাইড প্ল্যাটফর্ম (ডিএসপি)। কোনো তৃতীয় পক্ষের কুকির ওপর নির্ভর না করে প্ল্যাটফর্মটি ১০ মিলিসেকেন্ডের কম সময়ে বিজ্ঞাপন প্রদর্শনের সিদ্ধান্ত নিতে পারে। পাশাপাশি ১০০ মিলিসেকেন্ডের ডিজিটাল নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সর্বনিম্ন খরচে উপযুক্ত বিজ্ঞাপন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে এটি।অনুষ্ঠানে অ্যাডজোইকের আনুষ্ঠানিক কাউন্টডাউন ও উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী, ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আমিনুর রহমান এবং চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ।অনুষ্ঠানের শেষাংশে ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আমিনুর রহমান বিজ্ঞাপনী সংস্থা, প্রকাশক ও ব্র্যান্ডগুলোকে এআইনির্ভর নতুন এই ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।প্রযুক্তি প্রতিষ্ঠান ডিএসেলসের (DSales) ছাতার নিচে গড়ে ওঠা অ্যাডজোইক ও আম্ব্রেলাএক্স যৌথভাবে ডিজিটাল প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি সমন্বিত স্মার্ট ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির দাবি, এই সমন্বিত ব্যবস্থা এশিয়ার ডিজিটাল ব্যবসা ও বিপণন ব্যবস্থায় নতুন পরিবর্তন আনতে সক্ষম হবে।
২ দিন আগে