নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৩:১৬
টেলিগ্রামভিত্তিক অনলাইন প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার
টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে অধিক মুনাফার প্রলোভনে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—কিশোরগঞ্জের নিকলীর দামপাড়া এলাকার মো. জুলহাস উদ্দিন (৩৯) এবং করিমগঞ্জের গুনধর এলাকার প্রহড় (২৮)।
সিআইডি জানায়, ২০২৫ সালের ২৪ আগস্ট বাদী মেহেদি হক নিয়নকে টেলিগ্রামের মাধ্যমে ‘Zales’ নামের একটি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দেয় প্রতারক চক্রটি। পরে ফিশিং লিংকের মাধ্যমে তাকে ভুয়া ওয়েবসাইটে যুক্ত করা হয়। শুরুতে অনলাইনে অর্ডার সম্পন্নের মাধ্যমে কমিশনের সুযোগ দেওয়া হলেও পরে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা বিনিয়োগে প্রলুব্ধ করা হয়।
একপর্যায়ে ৯০টি অর্ডার সম্পন্নের কথা বলে বিভিন্ন ধাপে টাকা জমা দিতে বলা হয়। অ্যাকাউন্টে মুনাফার টাকা প্রদর্শন করে তা উত্তোলনের জন্য নানা অজুহাতে আরও অর্থ নেওয়া হয়। এভাবে বিভিন্ন ব্যাংক হিসাবে একাধিক দফায় বাদীর কাছ থেকে মোট ৯৪ লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।
এ ঘটনায় গত ৩ জানুয়ারি পল্টন থানায় মামলা করেন ভুক্তভোগী। তদন্তভার পাওয়ার পর সিআইডি গোয়েন্দা তথ্য ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চক্রের সদস্যদের শনাক্ত করে। এরই মধ্যে এ মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিআইডি জানায়, সর্বশেষ অভিযানে মামলার ১৯ নম্বর এজাহারনামীয় আসামি জুলহাস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি প্রহড়কেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।