ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ দুপুর ০২:৩৩:২৫
ধামরাইয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা, কক্সবাজার থেকে গ্রেপ্তার ১
ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদে শংকর চন্দ্র মণ্ডল নামে এক সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মোঃ ওয়াজেদ হাজীকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৪ ও র্যাব-১৫-এর যৌথ অভিযানে বুধবার রাতে কক্সবাজার সদর থানার কলাতলী ডলফিন মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ৯ আগস্ট ধামরাইয়ের পশ্চিম কায়েতপাড়া এলাকায় একটি রাইস মিল থেকে বৈদ্যুতিক পানির মোটর চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শংকর চন্দ্র মণ্ডলকে সন্দেহ করে তাকে ব্যবসায়িক কার্যালয়ে ডেকে নেওয়া হয়। পরে সেখানে তাকে হাত-পা বেঁধে লাঠি ও রড দিয়ে মারধর করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন থাকার পর ১৫ আগস্ট ভোরে শংকর চন্দ্র মণ্ডলের মৃত্যু হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র্যাব।
র্যাবের দাবি, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান চালিয়ে ওয়াজেদ হাজীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।