নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:৫৬:২২
পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সব অংশীজনকে সমন্বিত কাজের আহ্বান রাষ্ট্রপতির
দেশের তৈরি পোশাক খাতের বিদ্যমান সমস্যা ও বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ সব অংশীজনকে সমন্বিতভাবে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাতকালে রাষ্ট্রপতি বলেন, দেশের সার্বিক অর্থনীতিকে গতিশীল ও সচল রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সমান সুবিধা ও অধিকার নিশ্চিত করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা একান্ত প্রয়োজন। নতুন বিনিয়োগ উৎসাহিত করতে ব্যাংক ঋণের সুদের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার ওপর জোর দেন তিনি।
পাশাপাশি বিদ্যমান জ্বালানি সংকট কাটিয়ে উঠতে শিল্প মালিকদের সৌরবিদ্যুৎসহ বিকল্প ও পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন রাষ্ট্রপতি।
এ ছাড়া দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে তৈরি পোশাক খাতের অপরিহার্য ও ঐতিহাসিক অবদানের ভূয়সী প্রশংসা করে খাতটির টেকসই অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।