রাজিব মাহমুদ (সাভার)
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৩:০৮
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
দীর্ঘদিনের ময়লার ভাগাড়, আর সেই জায়গাতেই এখন সবুজের সমারোহ। ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন বাগান ‘রূপান্তর’।
১৮ অক্টোবর রোববার সকালে আমিনবাজারে নিমগাছের চারা রোপণের মাধ্যমে বাগানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রায় দুই দশক ধরে জমে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে গড়ে তোলা হয়েছে এই সবুজায়ন প্রকল্প। বাগানে নিম, সুপারি, তালসহ বিভিন্ন প্রজাতির গাছ ও শোভাবর্ধক উদ্ভিদ রোপণ করা হয়েছে। পাশাপাশি রয়েছে পানি নিষ্কাশনের ব্যবস্থা, সৌরবিদ্যুৎ, উইন্ড টারবাইন ও রাতের আলোকসজ্জা।
প্রধানমন্ত্রী এই উদ্যোগকে পরিবেশ উন্নয়নের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বাগানটির সৌন্দর্য ও পরিচ্ছন্নতা ধরে রাখতে এলাকাবাসীকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
দীর্ঘদিনের বর্জ্য সমস্যার অবসান ঘটিয়ে গড়ে ওঠা এই বাগান এখন মহাসড়কের পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করেছে।