নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৯:৪৫
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে উত্তাল চুয়েট, ‘কমপ্লিট শাটডাউন’
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি প্রধান ফটকে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের মূল দাবি, সদ্য অব্যাহতি পাওয়া উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের ক্যাম্পাসে প্রবেশ ঠেকাতে প্রধান ফটকে অবস্থান করছেন তারা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউনসহ কর্মসূচি অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতিও। সংগঠনটির পক্ষ থেকে উপাচার্য নিয়োগ ও অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুত প্রত্যাহার করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য পদে বহালের দাবি জানানো হয়েছে।
এর আগে সোমবার রাতে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টার দিকে স্বাধীনতা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আন্দোলনকারীরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।
শিক্ষার্থীদের দাবি, দায়িত্ব নেয়ার মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত ২৭ জুলাই তিনি চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট শাখার এক প্রজ্ঞাপনে অধ্যাপক সায়েমকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
একই প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।