রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:৫৩
বগুড়ায় দোকানের শাটার কেটে ৯৪ মোবাইল চুরি, চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার
বগুড়ার ধুনটে মোবাইল ফোনের দোকানের শাটারের তালা কেটে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরির ঘটনায় আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চুরি যাওয়া সব ৯৪টি মোবাইল ফোনই উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।
পুলিশ জানায়, ধুনট উপজেলার ‘মাসুদ টেলিকম’ নামের একটি মোবাইল ফোনের দোকানে শাটারের তালা কেটে বিভিন্ন ব্র্যান্ডের ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করা হয়। এ ঘটনায় ধুনট থানায় মামলা করা হয়েছে।
মামলাটির নম্বর-২৬। তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি দণ্ডবিধির ৩৮০ ও ৪৬১ ধারায় করা হয়েছে।
ঘটনার পর চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের নির্দেশনায় ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিস্তারিত জানাতে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং শেষে গ্রেপ্তার আটজনকে আদালতে পাঠিয়েছে জেলা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা চোর চক্রের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।