মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৫:৩২
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
ঢাকার ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিক কাজী সাঈম নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। এ ঘটনায় মা'সহ প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আজ ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরের দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের পাচলক্ষী গ্রামের মৃত বদর উদ্দিন মধুর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার যাদবপুর ইউনিয়নের গরুগ্রাম গ্রামের কাজী নূর মোহাম্মদ এর ছেলে আমতলা আই, বি, এম, কলেজের বানিজ্য বিভাগের ছাত্র এইচএসসি পরীক্ষার্থী কাজী সাইম এরসাথে একই ইউনিয়নের পাঁচলক্ষী গ্রামের মৃত বদর উদ্দিন মধুর মেয়ে এসএসসি পরীক্ষার্থী নূপুর আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ বিষয়টি নিয়ে এলাকায় ও বেশ আলোচনা ছিল। প্রেমিকা ও তার মা বাড়ির পাশেই চা বিক্রি করতো। প্রেমিকার মা সালমা আক্তার জানান, তার ঘরের বারান্দার আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় কাজী সাঈমকে দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনর্চাজ মোঃ নাজমুল হুদা খান জানান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি এবং জিজ্ঞাসাবাদের জন্য মা ও মেয়েকে আটক করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।