ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:২৯:১৮
ঈশ্বরদীতে প্রস্তাবিত ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করলেন প্রকল্পসংশ্লিষ্টরা
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে প্রস্তাবিত ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের এলাকা পরিদর্শন করেছেন প্রকল্পসংশ্লিষ্টরা। প্রকল্পের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া, স্বল্প সময়ে প্রকল্প এলাকা পর্যবেক্ষণ এবং বাস্তবায়নের প্রয়োজনীয় প্রস্তুতি ত্বরান্বিত করার লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে হেলিকপ্টারযোগে উপজেলার আরমবাড়িয়া স্কুল মাঠে উপস্থিত হয় প্রকল্পসংশ্লিষ্টরা। পরে দুপুরে ১০০ মেগাওয়াট সোলার লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ডা. ইয়াসির আরসাদ রাজনের নেতৃত্বে প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিনিয়োগকারী প্রতিষ্ঠান সোলার গ্লোবাল ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও অস্ট্রেলীয়া নাগরিক মোহাম্মদ রুশিদি এবং প্রতিষ্ঠানটির অংশীদার ও সুইস নাগরিক ইভ ফিলিপ আমাদেউস লেইস।
আরও উপস্থিত ছিলেন, পাবনা ১০০ মেগাওয়াট সোলার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আনোয়ার হোসেন, প্রজেক্ট ডেভেলপমেন্ট ডিরেক্টর মোহাম্মদ আশিক হাসান এবং ম্যানেজার মো. নাসির উদ্দিন। প্রকল্পের স্থানীয় কার্যক্রম সার্বিকভাবে পরিচালনা করেন স্থানীয় ব্যবস্থাপক আব্দুর রশিদ।
দেশে বিদ্যুৎ ঘাটতি মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাবনা ১০০ মেগাওয়াট সোলার লিমিটেড, প্রাইম রিনিউএবল হোল্ডিংস লিমিটেড এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান সোলার গ্লোবাল ইনভেস্টমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিদেশি বিনিয়োগকারী প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ পরিদর্শনে প্রকল্প এলাকার বর্তমান অবস্থা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন তারা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি সম্পন্ন করে প্রকল্পটির নির্মাণকাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করা হবে। প্রস্তাবিত ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের বিদ্যুৎ ঘাটতি পূরণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জাতীয় বিদ্যুৎব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।