পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:৫৪:৫৮
পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দদায়ক করতে অসচ্ছল ও প্রান্তিক মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে পীরগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উপজেলা শাখার উদ্যোগে এই বস্ত্র বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দজী, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি ড: মাসুদুল হক, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের রংপুর বিভাগীয় সম্পাদক শ্রী ডালিম কুমার রায়, দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের ম্যানেজিং কমিটির সভাপতি শ্রী অজয় চ্যাটার্জি, দিনাজপুর বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা শ্রী বিকাশ চন্দ্র রায় ও শ্রী নিরঞ্জন রায়, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উপজেলা শাখা সভাপতি গোপী কৃষ্ণ রায় ও সাধারণ সম্পাদক জীবন চন্দ্র রায় প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ধর্মীয় উৎসব মানেই সকলের মাঝে আনন্দ ভাগ করে নেওয়া। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা অসাম্প্রদায়িক চেতনা ও মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।