মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৬ বিকাল ০৫:২০:৩২
স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন দেওয়ার অভিযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সিংগিপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী শাহআলম হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাওয়া আশ্রয়ণ প্রকল্পের ৪ নম্বর ঘরে বসবাস করতেন তাসলিমা আক্তার ও তার স্বামী শাহআলম হোসেন বাবু। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
অভিযোগ রয়েছে, পারিবারিক কলহের জেরে শাহআলম হোসেন বাবু তার স্ত্রীকে মারধর করেন। পরে পরিস্থিতির অবনতি হলে তাসলিমা আক্তার সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্ত ব্যক্তি তাতে রাজি হননি বলে দাবি এলাকাবাসীর।
স্থানীয়দের ভাষ্যমতে, একপর্যায়ে শাহআলম হোসেন বাবু তার স্ত্রীকে বলেন, "আমি যদি এই ঘরে থাকতে না পারি, তাহলে ঘর পুড়িয়ে দেব।" এরপর গভীর রাতে আশ্রয়ণ প্রকল্পের ঘরটিতে আগুন লাগানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ঘরটির বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায়।
ভুক্তভোগী তাসলিমা আক্তার জানান, তিনি অত্যন্ত অসহায় ও হতদরিদ্র। সরকারি সহায়তায় পাওয়া একমাত্র আশ্রয়স্থলটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি চরম দুর্ভোগে পড়েছেন এবং মানবেতর জীবনযাপনের আশঙ্কা করছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।