ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ৬ অক্টোবর ২০২৬ রাত ০৭:৪০:৪৪
ভালুকায় ৫৫ বছরেও নির্মিত হয়নি মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন
স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও ময়মনসিংহের ভালুকায় ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মিত হয়নি। ভাড়া করা ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। দীর্ঘদিনের প্রয়োজন বিবেচনায় এবার নিজস্ব ভবন নির্মাণের জন্য ক্রয় করা হয়েছে জমি।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে নিজস্ব ভবন নির্মাণের জন্য সেই জমি পরিদর্শন করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপপরিচালক উম্মে হাবীবা মীরা।
সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান, ইউপি সদস্য ও স্থানীয় ব্যক্তিরা।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান বলেন, দীর্ঘদিনের প্রয়োজন বিবেচনায় পরিষদের নিজস্ব জমি কেনা হয়েছে। এখন ভবন নির্মাণের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
স্থানীয়দের আশা, নিজস্ব জমিতে আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ হলে মল্লিকবাড়ী ইউনিয়নের বাসিন্দারা আরও উন্নত ও নাগরিকবান্ধব সেবা পাবেন।