ডিবির অভিযানে গ্রেপ্তার; আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটির বেশি মামলা বিচারাধীন
রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫১:১৭
বগুড়ায় কোবরা বাহিনীর রতনসহ ৭ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ৫৭০ পিস
বগুড়ায় কথিত ‘কোবরা বাহিনীর’ সদস্য রতন পাইকারসহ সাতজনকে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে শাজাহানপুর উপজেলার বেজোড়া ঘাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার কুকরুল এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কথিত কোবরা বাহিনীর সদস্য রতন পাইকার ও তাঁর সহযোগীরা বেজোড়া বাজারের আকবর আলীর গ্যারেজে এক অজ্ঞাতপরিচয় তরুণকে আটকে মারধর করছেন। এ তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই রুবেল প্রামাণিকের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানে রতন পাইকার (৩৬), বাবু শেখ (৩২), মিরাজ মোল্লা (৩৫), সুমন মিয়া (২৮), রাজু মিয়া (২৭) ও রিয়াদ সাকিদারকে (২৭) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, বগুড়া সদর থানার কুকরুল দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে আবুল বাশার বাপ্পী (২৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ৭০ পিস ইয়াবা। সব মিলিয়ে সাতজনের কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় হত্যা, মারামারি, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে আটটির বেশি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।