টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩১:১২
টুঙ্গিপাড়ায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় যুবদলের নিন্দা, জড়িতদের বিচার দাবি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী মধ্যপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে পাটগাতী ইউনিয়ন যুবদল। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকল ১১টায় পাটগাতী ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাটগাতী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবায়েদ হোসেন। এ সময় সংগঠনের সভাপতি মুরাদ শেখসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে এবায়েদ হোসেন বলেন, পাটগাতী মধ্যপাড়ায় সংঘবদ্ধ ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। এ ধরনের অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ সময় সংবাদ সম্মেলনে গ্রেপ্তার হওয়া এজাহারনামীয় আসামি সোহাগ কাজীর বিষয়ে যুবদলের সাধারণ সম্পাদক এবায়েদ হোসেন দাবি করেন, সোহাগ কাজী পাটগাতী ইউনিয়ন যুবদলের কোনো পদধারী নেতা বা কর্মী নন এবং তিনি যুবদলের সঙ্গে সম্পৃক্ত নন।
যুবদল নেতারা বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় সংগঠনের ওপর চাপিয়ে দেওয়া সমীচীন নয়। তারা ঘটনার সঙ্গে রাজনৈতিক পরিচয় জড়িয়ে বিভ্রান্তি না ছড়িয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তারা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।