ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৬ বিকাল ০৫:১৫:২৬
রামপাল সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বাগেরহাটের রামপালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামপাল সরকারি ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক জীবণ দ্যুতি চক্রবর্তী।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান, শরীরচর্চা বিভাগের প্রভাষক মো. তাহিদুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রভাষক মো. শহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক আরিফা সুলতানা, বাংলা বিভাগের প্রভাষক দ্বিপ্তি রাণী মণ্ডল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জোহরা সুলতানা এবং বিদায়ী শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন এইচএসসি-২০২৬ ব্যাচের সাধারণ ও বিএমটি শাখার শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণের পাশাপাশি একটি স্কেল, একটি কলম এবং আকর্ষণীয় একটি ফাইল উপহার হিসেবে প্রদান করা হয়।
বিদায়ী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, “আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় এই শিক্ষাপ্রতিষ্ঠানে কেটেছে। শিক্ষকরা আমাদের নিজেদের সন্তানের মতো স্নেহ ও ভালোবাসা দিয়ে শিক্ষা দিয়েছেন। এই বিদ্যাপীঠ আমাদের জীবনের প্রকৃত অর্থ শিখিয়েছে। আমরা কলেজ ও শিক্ষকদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। ভবিষ্যতে শিক্ষা ও কর্মজীবনে সফল হয়ে তাদের মুখ উজ্জ্বল করাই হবে আমাদের দায়িত্ব।”
শিক্ষকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “তোমরা দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছ। তোমরা আমাদের সন্তানের মতো। জীবনে বড় হওয়ার পাশাপাশি ভালো মানুষ হও, যাতে তোমাদের নিয়ে আমরা গর্ব করতে পারি। পরীক্ষার হলে নিয়মকানুন মেনে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেবে এবং ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের সার্বিক সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।