বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৬ রাত ০৭:৫৭:০৫
পাহাড়পুর বৌদ্ধবিহারে বিদেশি পর্যটক হেনস্তার ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ আটক
সোমবার (২২ জুন) দুপুরে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক আব্দুল মাবুত জয়পুরহাট জেলার চন্ডিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয়দের কাছে তিনি ‘হিরো নানা’ নামে পরিচিত।
ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসা এক চীনা পর্যটককে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সম্মান রক্ষার বিষয়টি আলোচনায় আসে।
ভিডিওটি নজরে আসার পর ট্যুরিস্ট পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত আব্দুল মাবুতকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, প্রায় ৩০ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে ওই বিদেশি পর্যটকের সঙ্গে অনভিপ্রেত আচরণ ও তাকে বিব্রত করার মতো কর্মকাণ্ড দেখা যায়। বিষয়টি দেশের পর্যটন খাতের ভাবমূর্তির সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা জানান, বিদেশি পর্যটকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বা তাদের হয়রানির অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় বদলগাছী থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।