রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৬:০২
ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে ১৯ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের পর বিয়ের দাবিতে ওই যুবকের বাড়ির উঠানে বসে অনশন শুরু করেছেন তরুণী। টানা তিন দিন ধরে তিনি সেখানে অবস্থান করছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের বাবুর সঙ্গে ওই তরুণীর প্রায় নয় মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে মোবাইল ফোনে ডেকে ঈশ্বরঘাট গ্রামের বাবুর ফুফা লুৎফর রহমানের বাড়িতে নিয়ে যাওয়া হয় তরুণীকে।
তরুণীর মায়ের অভিযোগ, সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে বাবু তাঁর মেয়ের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। পরে বিষয়টি জানাজানি হলে মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার দাবি জানান তিনি। কিন্তু এরপর বিয়ের বিষয়ে বাবু ও তাঁর পরিবারের পক্ষ থেকে টালবাহানা শুরু হয় বলে অভিযোগ।
অভিযোগকারীর দাবি, একপর্যায়ে তরুণীকে বাবুর বাড়ির পাশে রেখে অভিযুক্ত যুবক সেখান থেকে চলে যান। এরপর বিয়ের দাবিতে বাবুর বাড়ির উঠানে অবস্থান নেন ওই তরুণী। সেখানে টানা তিন দিন ধরে অবস্থান করলেও অভিযুক্ত বাবু বাড়িতে নেই বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। স্থানীয়দের প্রশ্ন—বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের পর অভিযোগ ওঠার পর কেন অভিযুক্ত যুবক বাড়ি ছেড়ে চলে গেলেন এবং তরুণীর দাবির বিষয়ে ছেলেপক্ষের অবস্থান কী?
এ ঘটনায় তরুণীর মা মোছা. আছফুল বেওয়া ৬ অক্টোবর ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।