ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৬ বিকাল ০৫:২১:২৬
রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত উপজেলা গঠনে অগ্রগতি পর্যালোচনা সভা
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে বাগেরহাটের রামপাল উপজেলাকে শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকত আলী, রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত বিশ্বাস, ওয়ার্ল্ড ভিশন রামপালের প্রোগ্রাম অফিসার সুবাস এম. জয়ধর ও পার্থ সারথী দোবে।
সভায় শিশুশ্রম প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের পুনরায় শিক্ষার আওতায় ফিরিয়ে আনার লক্ষ্যে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি এসব কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নে সরকারি বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং শিশু অধিকার সুরক্ষায় নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুশ্রম ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন এবং শতভাগ শিশুদের বিদ্যালয়মুখী করতে প্রশাসন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সকল শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।