রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৯:৩৩
সংসদে সহযোগিতা, মাঠে ভিন্ন সুর—বিরোধী দলকে প্রতিমন্ত্রীর সতর্কবার্তা
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদে দুটি স্কুলে বাস হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মীর শাহে আলম বলেন, “বিরোধী দলের কাছ থেকে সংসদে আমরা খুব ভালো সহযোগিতা পাচ্ছি। কিন্তু সংসদের বক্তব্যের সঙ্গে মাঠের বক্তব্যে তাদের কোনো মিল নেই।”
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সংসদের ভেতরে সরকারকে যেভাবে সহযোগিতা করা হচ্ছে, সংসদের বাইরেও যেন একইভাবে সহযোগিতা করা হয়। একই সঙ্গে তিনি জনসাধারণকে উসকানি না দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “২০ বছর বলি আর ১৭ বছর বলি, একটি জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল একজন পিশাচ স্বৈরাচার। তার হাত থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক পন্থায় দেশ উত্তরণের পথে এগিয়েছে। এর পেছনে অনেক শহিদের রক্ত রয়েছে।”
প্রতিমন্ত্রীর ভাষ্য, এখনো তাঁদের শরীরে, হাতে ও কাপড়ে রক্তের দাগ লেগে আছে। অনেকে আহত হয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, আবার অনেকে অন্ধত্ব বরণ করেছেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ভঙ্গুর হয়ে থাকা অর্থনীতিকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। সরকারের কোথাও ব্যর্থতা থাকলে তা স্বীকার করে নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ও সংসদের বাইরে সরকারের পরিকল্পনার কথা প্রকাশ্যে তুলে ধরছেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী সরকার এগিয়ে যাচ্ছে।
দেশের অর্থনৈতিক সংকটের সময়ে জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দাবি করে তিনি বলেন, “এই দেশ যতবার অর্থনৈতিকভাবে ভঙ্গুর হয়ে পথ হারিয়েছে, ততবার এ দেশের মানুষ বিএনপিকেই দায়িত্ব দিয়েছে।”
অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় বিএনপির নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।