নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৬ রাত ০৬:০০:১২
মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত: মানবিক চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত
সোনারগাঁওয়ের কৃতী সন্তান ডা. দিগন্ত দীর্ঘদিন ধরে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নীরবে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তিনি ভাটিবন্দর মিফতাহুল উলুম মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। তবে এটি তার একক কোনো উদ্যোগ নয়; চিকিৎসা পেশায় যোগদানের পর থেকেই তিনি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
জানা গেছে, এতিম ও অসহায় শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে তিনি বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রয়োজনীয় ওষুধ সংগ্রহের উদ্যোগ নেন। সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, ডা. দিগন্ত দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ওষুধ সংগ্রহ করে আসছেন এবং তার এই মানবিক উদ্যোগে সহযোগিতা করতে পেরে তারাও আনন্দিত।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ডা. দিগন্ত নিজ এলাকার মানুষের কাছ থেকে চিকিৎসা পরামর্শের জন্য কোনো ভিজিট গ্রহণ করেন না। স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো সমস্যায় এলাকার মানুষ আস্থার সঙ্গে তার কাছে যান এবং আন্তরিক সেবা লাভ করেন।
মানবসেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত বলেন,
“সোনারগাঁওয়ের কোনো মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেটাই আমার প্রধান লক্ষ্য। যতদিন বেঁচে থাকব, চিকিৎসার অভাবে কাউকে কষ্ট পেতে দেখতে চাই না। নিজের পরিবারে চিকিৎসার প্রয়োজনীয়তা ও সংকট কাছ থেকে দেখেছি। তাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন আমৃত্যু মানুষের সেবা করার সুযোগ পাই।”
সচেতন মহলের মতে, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং প্রত্যন্ত গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মতো উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তারা মনে করেন, ডা. দিগন্তের মতো মানবিক চিকিৎসকদের সংখ্যা বাড়লে স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।
মানবিকতা, দায়িত্ববোধ ও পেশাগত নিষ্ঠার অনন্য সমন্বয়ে কাজ করে চলা ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত আজ সোনারগাঁওবাসীর কাছে একটি আস্থার নাম। তার এই সেবামূলক কর্মকাণ্ড মানবতার কল্যাণে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।