নাগরপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৬:৫১
নাগরপুরে ৫টি গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক
টাঙ্গাইলের নাগরপুরে পাঁচটি গাঁজা গাছসহ মো. রাসেল মিয়া (৪২) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রাসেল মিয়া সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলামের দিকনির্দেশনায় এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে এএসআই কাজল কুমার সূত্রধর, এএসআই মো. সুমন হোসেনসহ সঙ্গীয় ফোর্সের একটি বিশেষ টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সারাংপুর গ্রামের নিজ বসতবাড়ির দক্ষিণ ভিটায় অভিযান চালিয়ে পাঁচটি সতেজ গাঁজা গাছসহ আটক করা হয় তাকে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচটি গাঁজা গাছসহ রাসেল মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।