মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৬ দুপুর ০১:৫১:২৫
টুঙ্গিপাড়ায় সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন: জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ক্রয়কৃত পৈতৃক ও ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখলের পাঁয়তারা, হামলা এবং সপরিবারে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এসব অভিযোগের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম শেখ (৬৫)।
আজ সোমবার দুপুরে টুঙ্গিপাড়ার পাটগাতি গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। ভুক্তভোগী নুরুল ইসলাম উপজেলার পাটগাতি গ্রামের মৃত আবু তালেব শেখের ছেলে। এ সময় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক এই বিজিবি কর্মকর্তা জানান, পাটগাতি ইউনিয়নের ১৪৪ শ্রীরাকান্দি মৌজার আরএস ৭০৮ নং খতিয়ানের ২৬৫৮ দাগের ১.৩১ শতাংশ এবং ২৬৫৯ দাগের ১৪ শতাংশসহ মোট ১ একর ৪৫ শতাংশ জমির মধ্য থেকে তিনি ২৩ শতাংশ জমি ক্রয় করেন। গত ৩০ বছর ধরে তিনি ওই সম্পত্তি নির্বিঘ্নে ভোগদখল করে আসছেন। তবে সম্প্রতি একই গ্রামের মৃত আব্দুর রহমান শেখের চার ছেলে শফি মাহমুদ, জিয়ারুল, জাকিরুল ও সেনা সদস্য মনিরুলসহ তাদের সহযোগীরা ওই জমিটি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালাচ্ছে।
নুরুল ইসলাম শেখ অভিযোগ করেন, জমির মালিকানার যাবতীয় বৈধ কাগজপত্র তার পক্ষে থাকা সত্ত্বেও বিবাদীরা গায়ের জোরে জমিটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই বিরোধের জেরে সম্প্রতি জমিতে থাকা গাছ কাটাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ২৫ বছর আগে তিনি ওই জমিতে ২৫০টি গাছ রোপণ করেছিলেন। গাছগুলো পরিপক্ব হওয়ায় সম্প্রতি তিনি স্থানীয় কাঠ ব্যবসায়ী মিরাজ শেখের কাছে তা বিক্রি করেন। কিন্তু ব্যবসায়ী সেই গাছ কাটতে গেলে অভিযুক্ত প্রভাবশালীরা তাতে বাধা দেয়।
তিনি আরও জানান, গাছ কাটায় বাধা দেওয়ার প্রতিবাদ করায় বিবাদীরা তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাসহ সপরিবারে হত্যার হুমকি দিচ্ছে। এর আগেও এই জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে জখম করা হয়েছিল, সে যাত্রায় তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। উদ্ভূত পরিস্থিতিতে তিনি বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো কার্যকর প্রতিকার পাননি।
বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন উল্লেখ করে, নিজের ক্রয়কৃত সম্পত্তির অধিকার রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন সাবেক এই আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্য।