ফয়সাল ভূইয়া, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৬ বিকাল ০৫:১৮:৩৩
পূবাইলে টায়ার রিসাইক্লিং কারখানায় আবারও বয়লার বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় পুরোনো টায়ার থেকে তেল উৎপাদনকারী একটি কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২০ জুন) দুপুরে পূবাইল কলেজ গেট এলাকায় অবস্থিত ‘অটো গ্রিন অয়েল’ নামের কারখানাটিতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটিতে বয়লারের মাধ্যমে পুরোনো টায়ার গলিয়ে তেল সংগ্রহ করা হয়। দুপুরে হঠাৎ বিকট শব্দে একটি বয়লার বিস্ফোরিত হলে মুহূর্তেই কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহীন আলম বলেন, “বয়লার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ আশপাশের এলাকায়ও শোনা যায় বলে জানান তারা।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ জানুয়ারি একই স্থানে অবস্থিত তৎকালীন ‘স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর জেলা প্রশাসন কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয়। পরবর্তীতে কিছুদিন বন্ধ থাকার পর নতুন নামে ‘অটো গ্রিন অয়েল’ হিসেবে কারখানাটির কার্যক্রম পুনরায় শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে কারখানাটির চারপাশে উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে, ফলে ভেতরের কার্যক্রম বাইরে থেকে সহজে দেখা যায় না। সাম্প্রতিক এই বিস্ফোরণের ঘটনায় কারখানাটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।