রাজিব মাহমুদ (সাভার উপজেলা প্রতিনিধি):
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৫:২৭
আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারের পাশে প্রিটি কম্পোজিট, ৩ লাখ টাকা করে সহায়তা
সাভারের আশুলিয়ায় প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের কাভার্ড ভ্যান থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত চারজনের পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। নিহত প্রত্যেকের পরিবারকে নগদ তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নিহত চারজনের পরিবারের সদস্যদের হাতে এ নগদ অর্থ সহায়তা তুলে দেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সহ-সভাপতি রেজওয়ান সেলিম। প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
নগদ অর্থ সহায়তা পাওয়া নিহত চারজন হলেন—কাপড়ের দোকানদার জয়নব বেগম, সবজি বিক্রেতা নজরুল ইসলাম, কাভার্ড ভ্যানের চালক শামছুল আলম এবং হেলপার মানিক।
এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর হেড অব ক্রাইসিস মনসুর খালেদ, আরবিট্রেশন কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রিটি গ্রুপের অ্যাডমিন ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মহিউদ্দিন, প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স জিএম কামরুল ইসলাম, জিএম (প্রশাসন) অবসরপ্রাপ্ত কর্নেল আরমান, মানবসম্পদ বিভাগের ম্যানেজার মাজহারুল ইসলামসহ শ্রমিক প্রতিনিধিরা।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনো যাদের লাশ শনাক্ত করা সম্ভব হয়নি, তাদের পরিচয় শনাক্তের পর পরিবারের জন্য সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
এছাড়া নিহতদের দাফন ও অন্যান্য প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে অতিরিক্ত ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মরদেহের ময়নাতদন্ত এবং ডিএনএ পরীক্ষার যাবতীয় খরচও কর্তৃপক্ষ বহন করেছে বলে জানানো হয়েছে।
নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আর্থিক সহায়তার পাশাপাশি শনাক্তকরণ প্রক্রিয়া ও পরবর্তী প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।