টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬ রাত ১১:৩৯:৫৩
টাঙ্গাইলে ভাতিজাকে হত্যায় চাচার মৃত্যুদণ্ড
টাঙ্গাইলের গোপালপুরে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অপহরণের দায়ে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং মরদেহ গুমের দায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত নুরনবী আদালতে উপস্থিত ছিলেন। তিনি গোপালপুর উপজেলার নবধূলটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) ওমরাও খান দিপু জানান, ২০২৪ সালের ৮ অক্টোবর মুক্তিপণের দাবিতে গোপালপুর উপজেলার নাসির উদ্দিনের নাতি কেএম রাহেনুল ইসলাম আরাফকে কয়েকজনের সহযোগিতায় অপহরণ করেন তার চাচা নুরনবী।
এ ঘটনায় ১১ অক্টোবর আরাফের দাদা নাসির উদ্দিন গোপালপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরদিন গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে আরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান, তদন্ত শেষে ২০২৫ সালের ২৭ মে গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ভূঞা নুরনবীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।