জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৬ সকাল ১০:৫৪:৫৭
জামালগঞ্জে পৃথক অভিযানে ১৮৫ পিস ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার
সুনামগঞ্জের জামালগঞ্জে থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে পৃথক স্থান থেকে মোট ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অপর একটি মামলায় এক আসামি পলাতক রয়েছেন। এছাড়াও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযানের এক পর্যায়ে ভীমখালী ইউনিয়নের মানিগাঁও এলাকায় জায়েদ হোসেনের দোকানের সামনে মানিগাঁওগামী পাকা সড়ক থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত সাইফুল ইসলামের ছেলে মো. তোফায়েল মিয়া (২৮), ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
একই অভিযানে জামালগঞ্জ সদর ইউনিয়নের উমেদপুর গ্রামের বাসিন্দা মো. ইসকারুল মিয়ার (৪৬) বসতবাড়ির উত্তর পাশের শয়নকক্ষ থেকে ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একই আইনে পৃথক মামলা দায়ের করেছে পুলিশ।
এছাড়াও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামের জহির আলমকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো বন্দে আলী জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।