প্রকাশ্যে গুলি ছুঁড়ে হামলা, আশঙ্কাজনক অবস্থায় শজিমেকে ভর্তি
রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৩:২৪
বগুড়ায় আমবাগানের মালিকানা নিয়ে বিরোধে যুবককে গুলি করে কুপিয়ে জখম
বগুড়া নগরীতে প্রায় ৩২ বিঘা আমবাগানের মালিকানা নিয়ে বিরোধের জেরে মোকসেদ আলী (৩৮) নামে এক যুবককে গুলি করে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে নগরীর মাটিডালী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোকসেদ আলী মাটিডালী এলাকার হায়দার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর বারোপুর এলাকায় নামুজা সড়কের পাশে প্রায় ৩২ বিঘা জমির একটি আমবাগানের মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মোকসেদকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে মাটিডালী মোড়ে অবস্থান করছিলেন মোকসেদ। এ সময় ৬ থেকে ৭ জনের একটি দল মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মোকসেদকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা ও লাঠিসোটা জব্দ করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বিদেশি আগ্নেয়াস্ত্র থেকে ৭ দশমিক ৬৫ এমএম বোরের গুলি ছোড়া হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মোরাদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে আমবাগানের মালিকানা নিয়ে বিরোধের জেরেই এ হামলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।