কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৬ বিকাল ০৫:৫৫:১৬
আসন্ন রথযাত্রা উপলক্ষে গাজীপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন রথযাত্রা উৎসবকে ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গাজীপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ রথযাত্রা উপলক্ষে তাদের মতামত, উদ্বেগ এবং প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরেন। পুলিশ কমিশনার উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
তিনি বলেন, সকলের পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং সচেতনতার মাধ্যমে রথযাত্রা উৎসব সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করা সম্ভব। এ লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, গাজীপুর মহানগরের আহ্বায়ক, সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক, কাশিমপুর কালী মন্দিরের সভাপতি, শ্রী শ্রী জয়কালী মন্দিরের সভাপতি, ইসকন গাজীপুরের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এ ছাড়া জিএমপির উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় উৎসব চলাকালে শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশাসন ও ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগে এবারের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে।