মো. শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৬ বিকাল ০৪:০৩:২০
মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ফরিদ গাজী
বুধবার (২৪ জুন) টুঙ্গিপাড়া উপজেলার ২ নম্বর বর্ণি ইউনিয়ন সংলগ্ন মাঠে স্থানীয় জনগণ ও যুবসমাজের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ফরিদ গাজী বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। যারা মাদকাসক্ত, তাদের ঘৃণা নয়; সচেতনতা, সহানুভূতি ও পরামর্শের মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদকের বিস্তার অনেকাংশে কমানো সম্ভব।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে মাদক ব্যবসায়ী ও মাদকসেবনকারীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে পরিবার থেকে সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে এবং নৈতিক শিক্ষার চর্চা নিশ্চিত করতে হবে।”
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “দেশের ভবিষ্যৎ তোমাদের হাতে। মাদকের মতো ধ্বংসাত্মক নেশা থেকে দূরে থেকে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, যুবসমাজ এবং এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বক্তারা মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।