কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৬ সকাল ১০:২৭:৫৬
কটিয়াদীতে প্রবাসীকে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে পরিস্থিতি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় শফিকুল ইসলাম কালা মিয়া (৩২) নামে এক প্রবাসীকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
নিহত শফিকুল ইসলাম উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের ঝিরারপাড় এলাকার রিয়াজুদ্দিন মেস্তরির বাড়ির দুলা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঝিরারপাড় ঈদগাহ মাঠসংলগ্ন নিজ বাড়ির অদূরে সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন শফিকুল। ওই পথে যাওয়া একটি অটোরিকশার চালক গোঙানির শব্দ শুনে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। তবে হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, "ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।"
এদিকে, একজন প্রবাসীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।