তামিম হোসেন সবুজ, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৬ দুপুর ০২:০৬:১৭
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শার্শায় বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
যশোরের শার্শায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উদযাপন উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১ টার সময় বেনাপোল বাহাদুরপুর গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব নুরুজ্জামান লিটন।
বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন ৩নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব রবিউল ইসলাম রবি। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মাসব্যাপী এ কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে বলে আয়োজকরা জানান।