নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ রাত ০৯:৫৬:১২
শরীয়তপুরে শিশুকে ধর্ষণ: জামাল মাদবরের মৃত্যুদণ্ড
শরীয়তপুরে ১১ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন শিশুকে ধর্ষণের মামলায় জামাল মাদবর নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) শরীয়তপুরের শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক লাইলাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ জুলাই শরীয়তপুর সদর উপজেলার পশ্চিম আটপাড়া এলাকার ১১ বছর বয়সী ওই শিশুকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন জামাল মাদবর। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা পালং মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামি জামাল মাদবরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেন।
পরে আদালত তাকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়৷
এ বিষয়ে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. কামরুল হাসান বলেন, গত বছরের ২৯ জুলাই সদর উপজেলার পশ্চিম আটপাড়া এলাকায় মানসিক ভারসাম্যহীন এক শিশু নির্যাতনের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা পালং মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গতকাল আদালত মামলার একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানাই।