মোঃ শাহপরান, কসবা, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ দুপুর ১২:২৩:২৮
কসবায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে কসবা থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির মা।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত ২৩ অক্টোবর সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ী গ্রামের বাজারে তেল কিনতে যায় সে। বাড়ি ফেরার পথে একই এলাকার একটি ফার্নিচারের দোকানের মালিক মো. ইয়াসিন মিয়া শিশুটিকে জোরপূর্বক দোকানে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় শিশুটি চিৎকার শুরু করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তার হাতে ২০ টাকার একটি নোট দিয়ে দোকান থেকে বের করে দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। বাড়িতে ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কসবা থানায় মামলা দায়ের করেছেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগে তার মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত ইয়াসিন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনাটি এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।