রুহুল আমিন কিবরিয়া বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬ রাত ১১:২৫:২৮
বগুড়া কারাগারে হাজতি আসামির মৃত্যু
বগুড়া জেলা কারাগারের হাজতি আসামি আব্দুল মালেক (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আব্দুল মালেক বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার আব্দুল করিমের ছেলে। গত ১৯ সেপ্টেম্বর মাদক মামলায় গ্রেপ্তারের পর তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। তিনি ওই মামলার বিচারাধীন আসামি ছিলেন।
কারাগার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে রক্ত বমি করেন মালেক। পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার মো. আসাদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জেল সুপার।