জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৬ বিকাল ০৩:৫৪:৫২
জামালপুরে ৯ মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
রোববার (২৮ জুন) সকালে উপজেলার ভাবকী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হুমায়ুন কবির ঘরে গিয়ে স্ত্রী শ্রাবন্তী আক্তার ও তাদের ৯ মাস বয়সী ছেলে শাওনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এদিকে পালানোর চেষ্টাকালে শ্রাবন্তী আক্তারকে বাড়ি থেকে কিছু দূরের একটি রাস্তা থেকে স্থানীয়রা আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত শ্রাবন্তী আক্তারকে হেফাজতে নেয়।
নিহতের স্বজনদের দাবি, প্রায় দুই বছর আগে হুমায়ুন কবিরের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ চলছিল। তারা অভিযোগ করেন, পরকীয়াজনিত বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, "শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত গৃহবধূকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।