কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
শাহপরান, কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮:১৭
কসবা সহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির অভিযান
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২ লাখ ৩৮ হাজার ৬৫০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার মঈনপুর বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় উন্নতমানের শাড়ি, ইনজেকশন, বাজি, বিভিন্ন ধরনের ঔষধ, রেডবুল এনার্জি ড্রিংকস, পন্ডস পাউডার, আমল বাটার ও ডাবর আমলা তেলসহ বিভিন্ন পণ্য। এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৩৮ হাজার ৬৫০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়।