১ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ
শাহপরান কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৯:৫৫
কসবা সীমান্তসহ বিভিন্ন এলাকায় বিজিবির অভিযান
ব্রাহ্মণবাড়িয়ার কসবাসহ কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর, কসবা, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, অভিযানে ভারতীয় উন্নতমানের শাড়ি, যৌন উত্তেজক ট্যাবলেট, মোবাইল ফোন, বাসমতি চাল, গরু, অলিভ অয়েল, বাজি, জিরা, ইস্কাপ সিরাপ, গাঁজা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৪৪ লাখ ১ হাজার ৫০০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনায় এসব অভিযান পরিচালিত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই মূলমন্ত্রে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।