কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:১৭:৪৮
পুলিশ বক্স নির্মাণের কথা বলে চাঁদা আদায়ের অভিযোগে আটক ১
কক্সবাজার শহরের পর্যটন এলাকার বিভিন্ন হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ‘পুলিশ বক্স নির্মাণের’ কথা বলে চাঁদা আদায়ের অভিযোগে জিয়াবুল নামে এক ব্যক্তিকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ । আটক জিয়াবুল সৈকতপাড়ার একটি বিকাশের দোকানের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও হোটেল সংশ্লিষ্টদের অভিযোগ, কক্সবাজারের পরিচিত হোটেল কক্স টুডে, সাম্পানসহ বিভিন্ন হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে পুলিশ বক্স নির্মাণের কথা বলে অর্থ আদায় করতেন জিয়াবুল। দীর্ঘদিন ধরে পুলিশের নাম ভাঙিয়ে এভাবে বিভিন্ন স্থান থেকে চাঁদা আদায় করা হচ্ছিল বলে জানান তারা ।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের নাম ব্যবহার করে চাঁদা আদায়ের বিষয়টি নজরে আসার পর অভিযোগের ভিত্তিতে জিয়াবুলের ওপর নজরদারি শুরু করা হয়। পরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদ আলী বলেন, দীর্ঘদিন ধরে পুলিশের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে জিয়াবুলের বিরুদ্ধে। চাঁদাবাজির সঙ্গে জড়িতদের মূল হোতা হিসেবে অভিযোগ ওঠা জিয়াবুলকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আটক করে।
ওসি শেখ মাহমুদ আলী আরও বলেন, পুলিশের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা প্রতারণা করলে তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশ বক্স নির্মাণের নামে কার কার কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে, এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং আদায়কৃত অর্থ কোথায় ব্যবহার করা হয়েছে- এসব বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে।