শাহপরান, কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:৪৩:৫৭
কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি রামদা ও তিনটি চাইনিজ কুড়ালসহ মোট আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বিষয়টি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে কসবা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তালতলা চৌরাস্তার মোড়ের ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মনকশাইর গ্রামের আবুল কাশেমের ছেলে বিল্লাল হোসেন (৪২), চকচন্দ্রপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে মো. জুনায়েদ মিয়া (২০), তালতলা মধ্যপাড়ার জাহাঙ্গীর মিয়ার ছেলে রাজু (২১), সৈয়দাবাদ ভূইয়া বাড়ির মোহাম্মদ ভূইয়ার ছেলে মো. রুমান ভূইয়া (২৭), সৈয়দাবাদ দক্ষিণপাড়ার জালাল মিয়ার ছেলে মনির ওরফে কসাই মনির (৩০) এবং মনকশাইর গ্রামের আব্দুল হাকিমের ছেলে সুজন মিয়া (৫৫)। এ ঘটনায় রানা (২৮) ও শেখদল মিয়া (২৭)সহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে পলাতক আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, কসবা থানার সাধারণ ডায়েরি (জিডি) নম্বর-৮৬৩, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সূত্র ধরে এসআই মো. নুরুন নবীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনকভাবে অবস্থানরত কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে কাঠের বাটযুক্ত তিনটি রামদা, যার দৈর্ঘ্য আনুমানিক ৩৩, ৩৯ ও ২৭ ইঞ্চি; কালো রঙের তিনটি চাইনিজ কুড়াল, প্রতিটির দৈর্ঘ্য প্রায় ১৬ ইঞ্চি। এছাড়া পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের ফেলে যাওয়া আরও দুটি রামদা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কসবা থানায় ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর-২৮, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।
কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাসেদ বলেন গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।