শাহপরান কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৪১
কসবা জয়নগর বাজার সড়ক মেরামতে বন্ধের দিনেও মাঠে ইউএনও, লাঘব হচ্ছে জনদুর্ভোগ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জয়নগর বাজার সড়কের মেরামত ও সংস্কারকাজে ছুটির দিনেও মাঠে থেকে তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। তাঁর সরেজমিন তদারকিতে সড়কটির সংস্কারকাজ এগিয়ে যাওয়ায় ধীরে ধীরে লাঘব হচ্ছে স্থানীয় মানুষের দীর্ঘদিনের জনদুর্ভোগ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বন্ধের দিনেও সড়কটির বিভিন্ন অংশে সংস্কারকাজ পরিদর্শন করেন ইউএনও মো. ছামিউল ইসলাম। এ সময় তিনি সড়কের কাজের অগ্রগতি দেখেন এবং সংশ্লিষ্টদের দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার কারণে যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বৃষ্টির সময় সড়কের ক্ষতিগ্রস্ত অংশে পানি ও কাদা জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। এতে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দুর্ভোগের শিকার হতে হতো।
বর্তমানে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলোতে মেরামতকাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে স্থানীয়দের মধ্যে। বন্ধের দিনেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজের তদারকি করায় দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করছেন এলাকাবাসী।
স্থানীয়রা বলেন, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে ইউএনও ছামিউল ইসলাম নিজে মাঠে থেকে কাজের তদারকি করছেন—এটি প্রশংসনীয় উদ্যোগ। সড়কের কাজ দ্রুত শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়কটির মেরামতকাজ দ্রুত সম্পন্ন করে মানুষের চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।