রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৫৭:৪৮
ডেঙ্গু প্রতিরোধে বগুড়ায় পরিচ্ছন্নতা অভিযান
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বগুড়ায় জেলা প্রশাসন ও বগুড়া সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) এবং করতোয়া নদীর ওয়াকওয়ে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নাগরিকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।
দেশব্যাপী চলমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বগুড়ার বিভিন্ন এলাকায়ও ধারাবাহিকভাবে এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।