শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৬ বিকাল ০৫:১১:৫১
গঙ্গাচড়ায় গ্রোয়েন বাঁধ রক্ষায় কাজ শুরু, স্থায়ী সমাধানে তিস্তা মহাপরিকল্পনার দাবি
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের ১ নম্বর গ্রোয়েন বাঁধ রক্ষায় কাজ শুরু হয়েছে। তিস্তা নদীর ভাঙন থেকে জনপদ ও কৃষিজমি রক্ষার দাবিতে স্থানীয়দের মানববন্ধন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আন্দোলনের পর শনিবার (২৭ জুন) বিকেলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী পিয়াসের তত্ত্বাবধানে শুরু হওয়া এ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম, গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির তাজ উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা মুনতাসীর মামুন এবং ওয়ার্ড সদস্য লাল মিয়া।
অনুষ্ঠানে আল মামুন বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। এটি বাস্তবায়িত হলে নদীভাঙন রোধের পাশাপাশি বিপুল পরিমাণ কৃষিজমি রক্ষা পাবে এবং নদীপাড়ের মানুষের জীবন-জীবিকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত হবে।
তিনি জানান, গ্রোয়েন বাঁধ দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রাথমিকভাবে ৬ হাজার ৫০০টি জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আরও জিও ব্যাগ সরবরাহ এবং স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
আল মামুন অভিযোগ করেন, বছরের পর বছর কর্মকর্তারা এলাকা পরিদর্শন করে আশ্বাস দিলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি ভাঙনকবলিত এলাকায় কংক্রিট ব্লক স্থাপনসহ স্থায়ী সমাধানের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
বক্তারা বলেন, তিস্তা নদীর ভাঙনের কারণে প্রতিবছর নদীপাড়ের মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। কোলকোন্দ ইউনিয়নের ১ নম্বর গ্রোয়েন বাঁধটি হাজার হাজার বিঘা কৃষিজমি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে ইতোমধ্যে প্রায় ৫০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে দীর্ঘদিন ধরে নানা আশ্বাস দেওয়া হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। তারা দ্রুত এ মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তিস্তা নদীর ভাঙন থেকে স্থায়ী সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।