মোঃ নাহিদ প্রধান, নরসিংদী:
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৪:৪৩
বর্তমান সরকার নিরাপদ সড়কবান্ধব, এর প্রমাণ ঢাকা শহর: নিসচার মহাসচিব
নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ। তিনি বলেন, দেশের প্রতিটি শহর ও মহাসড়কে সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। বর্তমান সরকার নিরাপদ সড়কবান্ধব, এর প্রমাণ ঢাকা শহর। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নরসিংদীতে নিসচা নরসিংদী জেলা কমিটির আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিটন এরশাদ বলেন, ঢাকা শহরের বিভিন্ন স্থানে আধুনিক প্রযুক্তির আই-ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর ফলে চালকেরা আরও সতর্ক হয়েছেন। সড়কে শৃঙ্খলা ভঙ্গ করলে জরিমানার মুখোমুখি হতে হচ্ছে। তবে শুধু আইন প্রয়োগ করলেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব নয়; এর পাশাপাশি চালক, পথচারী, পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, নিরাপদ সড়ক আন্দোলনের প্রধান কাজ হলো সড়ক ও মহাসড়কে কর্মরত সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় তৈরি করা এবং চালক ও পথচারীদের সচেতন করা। একটি দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, একটি পরিবারকেও দীর্ঘমেয়াদি সংকটের মধ্যে ফেলে দেয়। তাই সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।
নিসচার মহাসচিব আরও বলেন, রাজধানীর পার্শ্ববর্তী জেলা হিসেবে নরসিংদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জেলায় নিরাপদ সড়কের দাবি দীর্ঘদিনের। নিসচার সদস্যরা বিভিন্ন সময়ে নানা কর্মসূচির মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন।
তিনি বলেন, নরসিংদীর কিছু এলাকায় উন্নয়নকাজের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে সড়কে চলাচলকারী পরিবহন শ্রমিকদের দক্ষ করে তুলতে সরকারের আরও তৎপর হওয়া প্রয়োজন। পাশাপাশি মহাসড়কের পাশে তিন চাকার যানবাহনের জন্য পৃথক লেন করা গেলে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি একটি সামাজিক আন্দোলন। চালককে যেমন ট্রাফিক আইন মেনে চলতে হবে, তেমনি পথচারীকেও নির্ধারিত স্থান দিয়ে সড়ক পারাপার ও ফুটপাত ব্যবহারে সচেতন হতে হবে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ, দক্ষ চালক তৈরি এবং মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সড়কে একটি দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে দুর্ঘটনা প্রতিরোধে আগাম পদক্ষেপ নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।
সভায় নিসচা নরসিংদী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন ভূঁইয়া সোহাগ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন নিসচার কেন্দ্রীয় কমিটির যুগ্মসচিব আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, নরসিংদী জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল সরকার ও কার্যনির্বাহী সদস্য আল-আমিন সরকার।
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর নরসিংদী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শাওন খন্দকার শাহিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন শিবপুর উপজেলা কমিটির সভাপতি আবদুল হান্নান মানিক, মাধবদী থানা শাখার সভাপতি মোস্তাকিম হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, পলাশ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোবারক হোসেন ও সহসভাপতি সোহানুর রহমান সোহাগ, মনোহরদী কমিটির সভাপতি আশাদুল হক সাগর এবং মেহেরপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি আওলাদ হোসেন ও সাধারণ সম্পাদক আবদুর রহমান বিপ্লব।
সভায় আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচিগুলো যথাযথভাবে পালন করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন নিসচার মহাসচিব লিটন এরশাদ।