তামিম হোসেন সবুজ, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৬ রাত ০৭:৪৫:৩৪
শার্শার শালকোনা সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য গুরুতর আহত
যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে বজ্রপাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে শালকোনা সীমান্তে দায়িত্ব পালনরত অবস্থায় ৪৯ বিজিবির সৈনিক শফিউর রহমান আকস্মিক বজ্রপাতে আহত হন।
ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তার প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছিল। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সীমান্তে দায়িত্ব পালনরত অবস্থায় শফিউর রহমান বজ্রপাতে আহত হন। সহকর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় তাকে দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়।
বর্তমানে আহত বিজিবি সদস্য চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য সহকর্মী, স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
এদিকে বর্ষা মৌসুমে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে খোলা মাঠ, সীমান্ত এলাকা ও উঁচু স্থানে অবস্থানকারীদের প্রয়োজন ছাড়া বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যের আহত হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা আহত সদস্যের দ্রুত সুস্থতা কামনা করেছেন।