কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১ জুলাই ২০২৬ রাত ০৮:০৭:২৫
কালকিনিতে আটকের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, মানববন্ধন ও বিক্ষোভ
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকায় এক নারীসহ এক যুবককে আটকের ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়ে নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বুধবার (১ জুলাই) দুপুরে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি আতাবর বেপারীর ছেলে রাশেদ বেপারী তার ব্যবসাপ্রতিষ্ঠানে এক নারীসহ স্থানীয়দের হাতে আটক হন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও সমালোচনা এড়াতে তিনি উল্টো এলাকার নিরীহ ও সাধারণ মানুষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে দাবি করেন তারা।
বিক্ষোভকারীরা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নতুন টরকী বাজারের সভাপতি দিদারুল ইসলাম টিটু বেপারী, জামাল বেপারী, আখতার বেপারী, নাসিরউদ্দিন রাড়ী, রহিম খা, কামাল বেপারীসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ভুক্তভোগী তারেক পাইক ও বাজারের দোকান মালিক সোহেল বেপারীসহ কয়েকজন বলেন, “রাশেদ নিজে অপকর্ম করে এখন এলাকার মানুষকে হয়রানি করছে। এ ঘটনায় নিরীহ মানুষ আতঙ্কে রয়েছে। আমরা তার বিচার চাই।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন রাশেদ বেপারী। তিনি বলেন, “আমি কোনো অনৈতিক কাজ করিনি। আমার দোকানে আমার শ্যালিকা ছিল। বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে। আমি আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করছি।”
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।