নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৬ রাত ১০:১৭:০৮
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকাই কাল হলো সাভারের ছাত্রদল নেতা সামিরের
সাভার থানা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের একাংশের দাবি, মাদকবিরোধী অবস্থান নেওয়ায় একটি চক্রের ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। তবে ছাত্রদলের পক্ষ থেকে অব্যাহতির কারণ হিসেবে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ’ উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামির দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার দাবি, আলোচিত মাদক ব্যবসায়ী শামীম রেজাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিতে সহযোগিতা করার পর থেকেই তিনি বিভিন্নভাবে হুমকি পেয়ে আসছিলেন। এ বিষয়ে তিনি সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বলেও দাবি করেন।
এদিকে, সম্প্রতি একটি কিশোর নির্যাতনের ঘটনায় তাকে জড়ানো হয়। সামিরের অভিযোগ, প্রকৃত ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা না থাকলেও একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে অপপ্রচার চালিয়েছে। তিনি দাবি করেন, ভুক্তভোগী কিশোর কিংবা তার পরিবারের সদস্যরাও কোথাও তার নাম উল্লেখ করেননি।
গত ৭ জুন সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সামির বলেন, দীর্ঘ আট বছর পর সাভার থানা ছাত্রদলের কমিটি গঠনের মাত্র ২১ দিনের মাথায় কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলনে সামির বলেন, “কিশোর নির্যাতনের ঘটনায় যারা জড়িত, তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত। দলের কোনো নেতাকর্মী জড়িত থাকলেও তারও শাস্তি হওয়া দরকার। এমনকি আমার সম্পৃক্ততা প্রমাণিত হলে আমি সর্বোচ্চ শাস্তি মেনে নেব।”
তিনি আরও অভিযোগ করেন, গ্রেপ্তার হওয়া এক মাদক ব্যবসায়ী কারাগারে বসেও তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি কিছু সাংবাদিক অর্থের বিনিময়ে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
সামির বলেন, “আমার এলাকায় কোনো মাদক ব্যবসায়ীকে থাকতে দেব না। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়াই যদি আমার অপরাধ হয়, তাহলে সেই অপরাধ আমি বারবার করব।”
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। তদন্তে দোষী প্রমাণিত হলে শাস্তি মেনে নেওয়ার এবং নির্দোষ প্রমাণিত হলে সাংগঠনিক পদ ও সম্মান পুনর্বহালের দাবি জানান।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের অধীন সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায়।