নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৬ বিকাল ০৩:২০:৫০
ধোবাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৭৬ পরিবারের মাঝে ছাগলের খাদ্য বিতরণ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ছাগলের খাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিক। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামরুল ইসলাম, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়ন” শীর্ষক সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ২৭৬ জন সুবিধাভোগীর মাঝে ২৫ কেজি ওজনের এক বস্তা করে ছাগলের খাদ্য বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পশুপালন কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।