কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫১:২৩
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কারখানার শ্রমিকরা। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। রাস্তার উভয় পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পরেন রাস্তায় চলাচল কারী পথচারী ও যাত্রীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে কালিয়াকৈর এর এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড নামে কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে৷
এসময় আশে পাশের কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেয়। সকাল ১১ টার দিকে মৌচাক এলাকার শ্রমিকরা কোনাবাড়ীতে এসে বিক্ষোভ করে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা সকালে কারখানার সামনে আন্দোলন শুরু করে। এরপর তারা মিছিল নিয়ে কালিয়াকৈর ফুলবাড়িয়া রোড অবস্থান নেয়। এ সময় শ্রমিকরা আশপাশের বিভিন্ন ফ্যাক্টরিতে ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এ সময় শ্রমিকরা আশপাশের বেশ কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল ছুরে৷ পরে ওই রোডে অবস্থিত অনেক কারখানা পরিস্থিতি শান্ত রাখতে কারখানা ছুটি ঘোষণা করে। পরবর্তীতে শ্রমিকরা টাঙ্গাইল মহাসড়কের মৌচাকে অবস্থান নেয়। এরপর থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বর্তমান বাজারদরের তুলনায় তাদের বিদ্যমান বেতন অত্যন্ত অপ্রতুল। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে বর্তমান বেতনে পরিবার-পরিজন নিয়ে দিনযাপন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। ফলে জীবনযাত্রার মান টিকিয়ে রাখতে তারা সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের একদফা দাবি জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পোশাক শ্রমিকরা মহাসড়কে অবস্থান করছেন।
গাজীপুর শিল্পঅঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। সেখানে আমাদের শিল্প পুলিশ সদস্যরা রয়েছে। তারা সবাইকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছে। তিনি বলেন, বর্তমান ২০% শ্রমিক রাস্তায় রয়েছে। গাড়ী সম্পূর্ণ চলতে কিছুটা সময় লাগবে।