শামীম আহমেদ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫৩:৪০
মতলব উত্তরে ১৬ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬টি এক হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী দুইজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (৩ অক্টোবর) মধ্যরাতে উপজেলার এখলাছপুর ইউনিয়নের উত্তর বোরচর গ্রামের দেওয়ান বাড়ীতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর বোরচর গ্রামের মৃত মঞ্জিল দেওয়ানের ছেলে নিজাম উদ্দিন (৩৯) এবং তার স্ত্রী রোজিনা বেগম (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। থানার এসআই (নিরস্ত্র) মোঃ ময়নাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আসামিদের বসতঘরে অভিযান চালায়।
অভিযানকালে রাত ১২:৪৫ মিনিটে আসামিদের কাছ থেকে ১৬টি এক হাজার টাকার মূল্যমানের জালনোট (সর্বমোট ১৬,০০০ টাকা) উদ্ধার করা হয়।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া জানান, জালনোটসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। জালনোট চক্রের সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।